আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের আইপিএস (IPS) ও টিপিএস (TPS) ক্যাডারের ৪৭ জন পুলিশ আধিকারিকের ব্যাপক রদবদলের নির্দেশ দিয়েছে। জনস্বার্থে অবিলম্বে কার্যকর হওয়া এই বদলির নির্দেশে একাধিক জেলার পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP), এসডিপিও (SDPO), ডেপুটি এসপি (Dy. SP) এবং টিএসআর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (CO)-দের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উনকোটির পুলিশ সুপার সুধাম্বিকা আর. (IPS)-কে এসপি (সাইবার ক্রাইম) হিসেবে নিয়োগ করা হয়েছে। অপরদিকে গোমতীর অতিরিক্ত পুলিশ সুপার ঋষভ (IPS)-কে উনকোটির নতুন পুলিশ সুপার করা হয়েছে।
বর্তমান এসপি (সাইবার ক্রাইম) নবদ্বীপ জমাতিয়া (IPS)-কে টিএসআর ১৫তম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়েছে।
শঙ্কর দেবনাথ (IPS)-কে এসপি (ইকোনমিক অফেন্সেস) এবং পিয়ামাধুরী মজুমদার (TPS)-কে এসপি (ভিজিল্যান্স) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জেরেমিয়া ডারলং-কে সিআইএটি স্কুলের কমান্ডিং অফিসার, কিষাণ কুমার-কে এসপি (এসসিআরবি) এবং বিকাশ দেব-কে টিএসআর ৩য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে।
এছাড়া ড. চন্দন সাহা-কে এসপি (মডার্নাইজেশন, ট্রেনিং অ্যান্ড ফোর্স)-এর দায়িত্ব দেওয়ার পাশাপাশি স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অতিরিক্ত দায়িত্বও অর্পণ করা হয়েছে।
বদলির তালিকায় এসপি (সিরিয়াস ক্রাইম) এইচ. ফ্রান্সিস দারলং-কে এসপি (অ্যান্টি-নারকোটিক্স) এবং মীনা কুমারী দেববর্মা-কে এসপি (সিরিয়াস ক্রাইম) পদে নিয়োগ করা হয়েছে। অনির্বাণ দাস-কে গোমতী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন এসডিপিও পদেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। দেবা প্রসাদ রায়-কে এসডিপিও, খোয়াই, পন্নালাল সেন-কে এসডিপিও, সদর, উৎপলেন্দু দেবনাথ-কে এসডিপিও, কাঞ্চনপুর, ডেভিড দেববর্মা-কে এসডিপিও, কুমারঘাট, অভিজিৎ দাস-কে এসডিপিও, সোনামুড়া এবং সৌরভ সেন-কে এসডিপিও, কমলপুর পদে বদলি করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন টিএসআর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার ও সহকারী কমান্ড্যান্ট পদে একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের মতে, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনস্বার্থে এই ব্যাপক রদবদল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বদলির নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
