মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানে মেগা স্বাস্থ্য শিবির, ২৩৫ জনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ জুলাই || রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় দক্ষিণ ত্রিপুরা জেলার SBC Nagar Memorial PHC-তে বৃহস্পতিবার এক বিশেষ মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া।
ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম) এবং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, দক্ষিণ ত্রিপুরার যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জে. এম. দাস। শিবিরে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিবিরে মোট ২৩৫ জন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এর মধ্যে ১১৫ জন পুরুষ এবং ১২০ জন মহিলা ছিলেন। উপভোক্তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অসংক্রামক রোগ (এনসিডি) স্ক্রিনিং, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, ABHA ID তৈরি, আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)-এ নাম নথিভুক্তকরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের ব্যবস্থা করা হয়।
বিভিন্ন বিভাগে চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে এনসিডি বিভাগে ১১৩ জন, মেডিসিন বিভাগে ৭৬ জন, চক্ষু বিভাগে ২৩ জন, শিশুরোগ বিভাগে ২১ জন, আয়ুর্বেদ বিভাগে ১৯ জন, হোমিওপ্যাথি বিভাগে ১৪ জন, স্ত্রীরোগ বিভাগে ১১ জন, দন্ত বিভাগে ৭ জন, ইএনটি বিভাগে ৩ জন এবং অনকোলজি বিভাগে ৩ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি টিবি কর্মসূচির আওতায় ৬৬ জনের বুকের এক্স-রে পরীক্ষাও করা হয়।
শিবিরে চিকিৎসাসেবা প্রদান করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্রদ্যোৎ কান্তি দেববর্মা, রেডিয়েশন অনকোলজিস্ট ডা. ধৃতিমান দত্ত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শুভ্রনীল ভট্টাচার্য, ডা. মণীশ চৌধুরী (ডিএফডব্লিউও), ডা. শুভ্রদীপ পাল, ডা. সঞ্জয় বিশ্বাস-সহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীরা। তাঁদের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে এ ধরনের বিশেষ মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*