জাতীয় কলা উৎসবে ত্রিপুরার গর্ব উৎকর্ষী, দৃশ্যকলায় দেশের মধ্যে পঞ্চম স্থান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || ত্রিপুরার প্রতিভাবান শিশু শিল্পী উৎকর্ষী মজুমদার জাতীয় স্তরের NCERT আয়োজিত কলা উৎসব ২০২৫-এ অসামান্য সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। দৃশ্যকলা (২ডি) একক বিভাগে দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে সে ত্রিপুরার জন্য গৌরব বয়ে এনেছে।
গত ২০ থেকে ২৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত যশবন্তরাও চহ্বাণ অ্যাকাডেমিতে এই জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন।
ধলাই জেলার ছোট্ট গ্রাম ছৈলেংটার বাসিন্দা উৎকর্ষী বর্তমানে হলিক্রস হাই স্কুল, ছৈলেংটার দশম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই চিত্রকলার প্রতি তার গভীর আগ্রহ ও নিষ্ঠা রয়েছে।
জাতীয় মঞ্চে পৌঁছানোর আগে উৎকর্ষী জেলা স্তরের কলা উৎসব ২০২৫-এ প্রথম স্থান অর্জন করে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। এরপর রাজ্য স্তরেও প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের কলা উৎসবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
জাতীয় পর্যায়ে নিজের সৃজনশীলতা ও শৈল্পিক দক্ষতার উজ্জ্বল পরিচয় দিয়ে উৎকর্ষী দৃশ্যকলা (২ডি) বিভাগে পঞ্চম স্থান অর্জন করে ত্রিপুরার গৌরব আরও সমৃদ্ধ করেছে। তার এই সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং রাজ্যের শিল্প ও শিক্ষা মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে উৎকর্ষী আরও বড় সাফল্য অর্জন করে দেশের শিল্পাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*