আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || আসন্ন জাতীয় জনগণনা ২০২৭-কে নির্ভুল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ডিজিটাল Self-Enumeration প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের তথ্য সফলভাবে নিবন্ধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি রাজ্যের সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই ডিজিটাল প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
মুখ্যমন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল জনগণনা উন্নত পরিকল্পনা প্রণয়ন, কার্যকর সুশাসন এবং সর্বজনীন উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। জনগণনা কেবল একটি পরিসংখ্যানগত কার্যক্রম নয়, বরং জনকল্যাণমুখী নীতি নির্ধারণ এবং দেশের সার্বিক উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই প্রতিটি নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “আমি রাজ্যের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানাই, নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক তথ্য দিয়ে ডিজিটাল Self-Enumeration প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আসুন, আমরা সবাই মিলে জনগণনা ২০২৭-কে সফল করে তুলি।”
উল্লেখ্য, আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে জাতীয় জনগণনার মূল কার্যক্রম শুরু হবে। এর আগে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত Online Self-Enumeration পর্ব চলবে। এই সময়ের মধ্যে নাগরিকরা নির্ধারিত অনলাইন পোর্টালে নিজেদের তথ্য নিজেরাই নিবন্ধন করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক তথ্য প্রদানই একটি নির্ভুল জনগণনা নিশ্চিত করবে এবং সেই তথ্যই ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা ও ‘বিকশিত ভারত’ গঠনের ভিত্তি হিসেবে কাজ করবে।
Online Self-Enumeration-এর জন্য সরকারি পোর্টাল: https://se.census.gov.in।
