২০২৭ সালের জনগণনা ঘিরে আগরতলা পুর নিগমে প্রস্তুতি বৈঠক, প্রযুক্তিনির্ভর ও নির্ভুল তথ্য সংগ্রহে জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট অব সেন্সাস অপারেশনস, ত্রিপুরার উদ্যোগে আসন্ন ২০২৭ সালের জাতীয় জনগণনা কার্যক্রমকে সম্পূর্ণ নির্ভুল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
সভায় ২০২৭ সালের জনগণনার দুটি প্রধান ধাপ— ‘হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস’ (HLO) এবং ‘পপুলেশন এনুমারেশন’ (PE)— নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। জনগণনার প্রতিটি পর্যায় কীভাবে সুষ্ঠু, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করা হবে, সে বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধি ও আধিকারিকদের অবহিত করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের আধুনিক পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ (আইএএস), কর্পোরেশনের অন্যান্য কর্পোরেটর এবং সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকেরা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সমন্বিত প্রচেষ্টা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ২০২৭ সালের জাতীয় জনগণনা সফলভাবে সম্পন্ন হবে এবং দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*