আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ত্রিপুরার ১০৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দক্ষিণ ত্রিপুরার সুবলনিং এলাকায় কাদামাখা সড়কে মাঝপথে আটকে যায় রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের গাড়ি। পরে নিরাপত্তারক্ষীদের গাড়িটি ঠেলে বের করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সড়কের দুরবস্থা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কাদা ও গর্তে ভরা জাতীয় সড়কে মন্ত্রীর গাড়ি এগোতে না পেরে থেমে যায়। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা গাড়িটি ঠেলে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ১০৮ নং জাতীয় সড়কের এই অংশটি বেহাল অবস্থায় রয়েছে এবং বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ঘটনার জেরে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে পড়ে। এতে অফিসগামী যাত্রীসহ হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাদা ও বড় বড় গর্তের কারণে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বারবার অভিযোগ জানানো হলেও সড়কটির স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।
তবে মন্ত্রী টিংকু রায়ের গাড়ি ঠিক কী কারণে আটকে পড়েছিল এবং ঘটনাটি কখন ঘটেছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি জাতীয় সড়কের বাস্তব চিত্র নিয়ে নতুন করে জনমনে প্রশ্ন তুলেছে।
