আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ‘আমরা বাঙালী’। রবিবার এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়, নিট (NEET) পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থার অনিয়মে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, প্রতি বছর নিট পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এলেও তা রোধে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে প্রকৃত মেধাবী পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেক শিক্ষার্থী মানসিক চাপে হতাশায় ভুগছেন। এই পরিস্থিতিতে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দায়িত্ব গ্রহণ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মত প্রকাশ করেছে দলটি।
দলের অভিযোগ, ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেওয়া সমাজকর্মী ও বিজ্ঞানী সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার ঘটনাও অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে ছাত্রছাত্রীদের সংসদ অভিযান কর্মসূচি ঘিরে পুলিশের লাঠিচার্জ ও বলপ্রয়োগেরও তীব্র সমালোচনা করা হয়েছে। ‘আমরা বাঙালী’র দাবি, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে আন্দোলন ও দাবি জানানোর অধিকার সকলের রয়েছে। সেই অধিকার খর্ব করার যে কোনও প্রচেষ্টা গণতন্ত্রের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার যদি ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনায় না বসে, তবে ভবিষ্যতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।
অন্যদিকে, সম্প্রতি প্রয়াত ত্রিপুরা পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ‘আমরা বাঙালী’। একই সঙ্গে এই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে দলটি।
