গোপল সিং, খোয়াই, ২৫ জুলাই || খোয়াই শহরের মোবাইল বিক্রেতা ও কারিগর ও পুলিশ প্রশাসনের যৌথ তৎপরতায় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ফুটবল স্টার্ফ থেকে চুরি যাওয়া একটি দামী মোবাইল ফোন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ফিরল প্রকৃত মালিকের হাতে। খোয়াইয়ের ব্যবসায়ীদের এই কার্যকর ভূমিকায় উচ্ছ্বসিত মোবাইলের প্রকৃত মালিক তথা ফুটবল খেলোয়াড় যশবীর দেববর্মা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পুলিশ প্রশাসনেরও। যশবীর দেববর্মা মিডিয়াকে জানায়, গত ২৩শে জুলাই ২০২৬ তারিখে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে ফুটবল প্র্যাকটিস চলাকালীন এই চুরির ঘটনা ঘটেছিল। চাম্পাহাওড় এলাকার বাসিন্দা তথা ফুটবল খেলোয়াড় যশবীর দেববর্মা (পিতা- জিন্তু দেববর্মা) আনুমানিক বিকেল ৪-টা নাগাদ মাঠে নামার আগে তাঁর মোবাইল ফোনটি নিজ ব্যাগে যত্ন সহকারে রেখে যায়। কিন্তু প্র্যাকটিস তথা খেলা শেষে এসে সে দেখতে পায় যে তাঁর ব্যাগ থেকে মোবাইল ফোনটি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। সহখেলোয়াড়দের নিয়ে বিস্তর খোঁজাখুঁজির পরও ফোনটির সন্ধান না মেলায় তিনি বুঝতে পারেন সেটি চুরি হয়েছে।
এরপরই ২৩শে জুলাই খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে মোবাইল ফোনের যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও আইএমইআই নম্বর সম্বলিত একটি জিডি এন্ট্রি (নং-18) নথিভুক্ত করে। কিন্তু সেই সাথে পুলিশ স্থানীয় মোবাইল বিক্রেতা ও কারিগরদের জানিয়ে দেয় যে কোনো ব্যক্তি যদি মোবাইলের লক পাল্টাতে আসে তবে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। যথারীতি মোবাইল চোর স্থানীয় একটি মোবাইলের দোকানে লক ভাঙতে গেলেই চোর ধরা পড়ে। অবশেষে স্থানীয় ব্যবসায়ীদের প্রচেষ্টায় আজ, ২৫শে জুলাই ২০২৬ তারিখে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে খেলোয়াড় যশবীর দেববর্মার হাতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ফোনটি এত দ্রুত ফেরত পেয়ে নিজের খুশির কথা মিডিয়ার সামনে তুলে ধরে যশবীর।
