বলরাম দেবনাথ, সাব্রুম, ২৮ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েত এলাকায় গভীর রাতে একদল দুষ্কৃতীর তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন এক রাবার চাষী। অভিযোগ, দুষ্কৃতীরা রাবার বাগানে ঢুকে একাধিক গাছ উপড়ে ফেলে, ডালপালা ভেঙে দেয় এবং বাগানের সুরক্ষামূলক নেট ছিঁড়ে নষ্ট করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, দমদমা এলাকার বাসিন্দা লক্ষ্মণ দাসের মালিকানাধীন রাবার বাগানে সোমবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, চারদিকে সুরক্ষামূলক নেট ছেঁড়া অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি বহু মূল্যবান রাবার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং বেশ কয়েকটি গাছের ডালপালা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক লক্ষ্মণ দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পরিকল্পিতভাবেই এই নাশকতা চালানো হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবিতে তিনি সাব্রুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।
ঘটনার পর দমদমা এলাকার অন্যান্য রাবার চাষীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত চাষীর উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
পুলিশ অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর আশা, দ্রুত তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
