নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৩ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ ব্লক অফিস চত্বরে ফের ঘটল রহস্যজনক মোটরবাইক চুরির ঘটনা। সরকারি অফিস প্রাঙ্গণ থেকেই দিনের আলোয় মোটরবাইক উধাও হয়ে যাওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পড়ায় তদন্তে নতুন দিশা মিলেছে বলে মনে করছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ সাতচাঁদ ব্লক অফিস চত্বর থেকে একটি মোটরবাইক চুরি হয়। চুরির শিকার হন হরিণা এলাকার চালিতছড়ি গ্রামের বাসিন্দা ও সাতচাঁদ মৎস্য দপ্তরের কর্মী রেমরাচাই মগ (প্রায় ৩৩)।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও তিনি কর্মস্থলে এসে ব্লক অফিস চত্বরে নিজের মোটরবাইকটি রেখে দায়িত্ব পালন করছিলেন। দুপুর প্রায় ১টার দিকে বাইরে এসে তিনি দেখতে পান, যেখানে মোটরবাইকটি রাখা ছিল, সেখানে সেটি আর নেই। এরপর সহকর্মীদের নিয়ে আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও মোটরবাইকটির কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর ব্লক অফিসে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি স্পষ্টভাবে ধরা পড়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই সেই ফুটেজ তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি মোটরবাইক উদ্ধারে বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সাতচাঁদ ব্লক অফিস চত্বরে এর আগেও মোটরবাইক চুরির ঘটনা ঘটেছে। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে সরকারি অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্মচারী ও সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্লক অফিস প্রাঙ্গণে নিরাপত্তা আরও জোরদার করা হোক।
