আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযানের যৌথ উদ্যোগে আগামী ১ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত সারা দেশজুড়ে ‘আমিও স্বদেশী সমর্থক’ (Main Bhi Swadeshi Samarthak) শীর্ষক একটি দেশব্যাপী ডিজিটাল অভিযান পরিচালিত হচ্ছে। যুবসমাজ, মহিলা, ছাত্র-ছাত্রী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বদেশী ভাবধারার সঙ্গে যুক্ত করে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও শক্তিশালী জনসম্পৃক্ততা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
উত্তর-পূর্ব ভারতের স্বদেশী জাগরণ মঞ্চের ক্ষেত্রীয় সম্পর্ক প্রমুখ বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সি.এ.) রতন কুমার দাস জানান, রাজ্যের মাননীয় রাজ্যপালের হাত ধরে আগরতলার লোক ভবন থেকে এই অভিযানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে অনলাইন রেজিস্ট্রেশন, সোশ্যাল মিডিয়া, কিউআর (QR) কোড এবং বিভিন্ন ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, অভিযানে অংশগ্রহণকারী প্রত্যেককে ডিজিটাল ‘স্বদেশী সমর্থক’ শংসাপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে। তাঁর মতে, স্বদেশী কেবল একটি অর্থনৈতিক নীতি নয়, বরং রাষ্ট্রগঠনের এক শক্তিশালী ভিত্তি। স্থানীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি, দেশীয় শিল্পের প্রসার এবং ভারতীয় উদ্যোগকে সমর্থনের মাধ্যমে একটি শক্তিশালী, স্বনির্ভর ও স্বাবলম্বী ভারত গড়ে তোলা সম্ভব।
এই অভিযানের আওতায় অংশগ্রহণকারীরা পাঁচটি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে—দৈনন্দিন জীবনে স্থানীয় ও স্বদেশী পণ্যের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া, স্বদেশী ভাষা, পোশাক ও জীবনধারার প্রচার, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা ও স্ব-সংস্থানের প্রতি উৎসাহিত করা, দেশপ্রেমিক শক্তির পাশে থেকে দেশের উন্নয়নে সহযোগিতা করা এবং জাতি, ভাষা ও মতভেদের ঊর্ধ্বে উঠে দেশের ঐক্য, অখণ্ডতা ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
রতন কুমার দাস আরও জানান, ত্রিপুরার প্রতিটি জেলায় ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে রাজ্য থেকে প্রায় ৫ লক্ষ মানুষকে অনলাইন সংকল্পের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান জানান, বিপুল সংখ্যায় এই ডিজিটাল অভিযানে অংশগ্রহণ করে স্বদেশী ভাবনাকে একটি গণআন্দোলনে পরিণত করতে।
অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের প্রান্ত সংযোজক শিবাজী বোস, সহ-সমন্বয়ক ইন্দ্রজিৎ দেব এবং সংগঠনের অন্যান্য বিশিষ্ট সদস্যরা।
