আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || রাজ্যের ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, পেশাগত সংকট এবং ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী ৫ আগস্ট বৃহৎ কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। ওইদিন সংগঠনের একটি প্রতিনিধিদল রাজ্যের পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করবে। পাশাপাশি বিভিন্ন দাবির সমর্থনে আগরতলা শহরে একটি বিশাল র্যালির আয়োজন করা হবে, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করবে।
এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার আগরতলায় ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গৌতম দেবনাথ, সম্পাদক মিটুন দেব, সহ-সভাপতি স্বর্ণা কুমার সিংহ, সহ-সম্পাদক দুলাল ঘোষ-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতৃত্ব জানান, রাজ্যের ক্ষুদ্র পণ্যবাহী যান চালকেরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাঁদের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক জটিলতা, পেশাগত অনিশ্চয়তা এবং নানাবিধ সমস্যার কারণে চালকদের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে চালকদের স্বার্থ রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশাসনিক জটিলতার সমাধান এবং পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের জীবন-জীবিকার মানোন্নয়নের দাবিতে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন মহকুমার সকল ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের আগামী ৫ আগস্ট আগরতলায় উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের আশা, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চালকদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হবে এবং তাঁদের ন্যায্য দাবিগুলির প্রতি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
