১৫ আগস্টের মধ্যেই ৩০ কোটি টাকার বকেয়া মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৩০ কোটি টাকার বকেয়া বিল পরিশোধের দাবিতে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠক করল টিইসিএল (TECL) কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে আগামী ১৫ আগস্টের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেন মন্ত্রী। তাঁর এই প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, বকেয়া বিল পরিশোধের দাবিতে কয়েকদিন আগে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিল টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। পরবর্তীতে বিদ্যুৎমন্ত্রীর আহ্বানে সংগঠনটি কর্মবিরতি প্রত্যাহার করে আলোচনার পথে ফিরে আসে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবারের বৈঠকে উভয় পক্ষ বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে।
বৈঠক শেষে অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক স্বপন দাস জানান, বিদ্যুৎমন্ত্রী আগামী ১৫ আগস্টের মধ্যেই প্রায় ৩০ কোটি টাকার বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বৈঠক শেষ হওয়ার পরই মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) সঙ্গে যোগাযোগ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
মন্ত্রীের ইতিবাচক আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বকেয়া অর্থ পরিশোধ হলে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ পুনরায় স্বাভাবিক গতিতে এগিয়ে যাবে এবং পরিষেবা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*