আগরতলাকে আরও সুন্দর ও পরিবেশবান্ধব করতে জলাশয় সংস্কারে জোর, প্রভুবাড়ী-মধ্যপাড়ার কাজ পর্যালোচনায় মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || রাজধানী আগরতলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে জলাশয় সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই সোমবার প্রভুবাড়ী ও মধ্যপাড়ার পুকুরের চলমান সৌন্দর্যায়ন ও সংস্কার কাজ সরেজমিনে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
পরিদর্শনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়কে সংরক্ষণ, পুনরুদ্ধার এবং আধুনিকভাবে উন্নয়নের মাধ্যমে আগরতলার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের জন্য উন্নত পরিসর গড়ে তোলাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, বর্তমান সরকারের আমলে ইতোমধ্যে আগরতলা শহরের প্রায় ৩৫টি পুকুরের পুনরুদ্ধার ও উন্নয়নের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি প্রকল্পগুলির কাজও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সুন্দর ও নির্মল আগরতলা গড়ে তুলতে বিভিন্ন জলাশয়ের সংস্কার ও পুনরুদ্ধারের কাজ ধারাবাহিকভাবে চলছে। আজ প্রভুবাড়ী ও মধ্যপাড়ার পুকুরের সৌন্দর্যায়নের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেছি। ইতোমধ্যে প্রায় ৩৫টি পুকুরের উন্নয়ন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট প্রকল্পগুলিও সময়মতো শেষ করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ প্রদান করা হয়েছে।”
রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন জলাশয় সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের উন্নয়ন এবং নাগরিকদের জন্য আরও স্বাস্থ্যকর ও মনোরম নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নের দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ২০নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*