স্বনির্ভর ত্রিপুরার পথে আরও একধাপ: এমএমডিইউপি-র আওতায় ১০০ উপভোক্তার হাতে সেলাই মেশিন তুলে দিল আগরতলা পুর নিগম

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || স্বনির্ভর ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। সোমবার আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প (MMDUP)-এর অধীনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জন সফল উপভোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ১০০ জন সফল উপভোক্তার হাতে সেলাই মেশিন তুলে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর মতে, এই উদ্যোগের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও মহিলারা নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং আত্মনির্ভর হয়ে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মানিকা দাস দত্ত, ৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথ এবং ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কৃষ্ণরাজ (আইএএস)। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হলো যুবসমাজ ও মহিলাদের বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং তাদের স্বনিযুক্তির সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করায় উপভোক্তারা সহজেই নিজেদের উদ্যোগে আয়ের পথ তৈরি করতে পারবেন।
রাজ্য সরকারের এই উদ্যোগ দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ‘আত্মনির্ভর ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*