বলরাম দেবনাথ, সাব্রুম, ০৪ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন কালাডেপা এডিসি ভিলেজের বংশী সদ্দার পাড়ায় মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে স্থানীয় বাসিন্দা সুমন ত্রিপুরার বাড়ির সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মনুবাজার ফায়ার অ্যান্ড ইমারজেন্সি সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা ২৩ মিনিটে কালাডেপা এলাকা থেকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের একটি দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অল্প সময়ের মধ্যেই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্যান্য বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সুমন ত্রিপুরার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় সবকিছুই আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
