ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ দফা দাবি, বকেয়া সুবিধা, শূন্যপদে নিয়োগ ও বদলি নীতি সংশোধনের দাবিতে সরব যৌথ ফেডারেশন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিতব্য প্রথম যৌথ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ফেডারেশনের চেয়ারপার্সন বিপ্লব সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা, সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ।
ফেডারেশনের মুখপাত্র তমাল দেবনাথ জানান, আগামী ৮ ও ৯ আগস্ট আগরতলার হোটেল সোনারতরীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট বিকেল ৫টায় উন্মুক্ত অধিবেশনে ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্মেলন উপলক্ষে যৌথ ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি সনদও প্রকাশ করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— নবম যৌথ নোট ও দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সমস্ত বকেয়া আর্থিক ও অ-আর্থিক সুবিধা অবিলম্বে কার্যকর করা, স্পনসর ব্যাংকের সমপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সকল ভাতা ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করা, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইনের বিধান অনুযায়ী স্পনসর ব্যাংক থেকে ডেপুটেশনে কর্মী পাঠানো বন্ধ করে ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখা, সমস্ত শূন্য অফিস সহায়ক পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করা এবং আর্থিক পরিষেবা বিভাগের নির্দেশিকা অনুযায়ী স্বচ্ছ, ন্যায্য ও মানবিক বদলি নীতি প্রণয়ন ও কার্যকর করা।
নেতৃবৃন্দ বলেন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে চলেছেন। তাই তাঁদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক ও সহানুভূতিশীল ভূমিকা নেবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
তাঁদের মতে, গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মীদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব এবং দাবি সনদে উত্থাপিত বিষয়গুলির বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*