আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || ত্রিপুরার ঐতিহ্যবাহী ও ধর্মীয় উৎসব কের পূজা উপলক্ষে মঙ্গলবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত পূজায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, দলের অন্যান্য শীর্ষ নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পূজায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা দেবতার আশীর্বাদ গ্রহণ করেন এবং রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। পরে এক বার্তায় তিনি বলেন, “পবিত্র কের পূজা উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে আয়োজিত ঐতিহ্যবাহী এই পূজায় সামিল হয়ে আশীর্বাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছে।”
তিনি আরও বলেন, “ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার পরিচায়ক এই পবিত্র উৎসব আমাদের সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল বয়ে আনুক—এই প্রার্থনা করি।”
মুখ্যমন্ত্রী ঈশ্বরের নিকট ত্রিপুরাবাসীসহ সকলের সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।
প্রতি বছর রাজপরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় পালিত কের পূজা ত্রিপুরার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন বহু ভক্ত ও বিশিষ্ট ব্যক্তি পূজায় অংশগ্রহণ করেন।
