সুকান্তের জন্মশতবর্ষে সাব্রুমে বসে আঁকা প্রতিযোগিতা, রঙ-তুলিতে ফুটে উঠল বাসযোগ্য বিশ্বের স্বপ্ন, সুকান্তের মানবিক চেতনায় উদ্বুদ্ধ খুদে শিল্পীরা

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৪ আগস্ট || কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসে আঁকা প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল ৮টায় সাব্রুমের আনন্দপাড়াস্থ রামকৃষ্ণ সেবা আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার সূচনা হয়। অনুষ্ঠানের আয়োজন করে সাব্রুম মহকুমা ভিত্তিক ‘সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি’।
প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল সুকান্ত ভট্টাচার্যের মানবিক দর্শন এবং তাঁর অমর উচ্চারণ— “এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।” এই ভাবনাকে সামনে রেখেই মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের অসংখ্য শিশু ও কিশোর-কিশোরী রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে মানবতা, সাম্য, শান্তি, প্রকৃতিপ্রেম এবং একটি সুন্দর, বাসযোগ্য বিশ্বের স্বপ্ন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে শিল্পীদের সৃষ্টিশীলতা ও কল্পনাশক্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের আঁকায় উঠে আসে বৈষম্যহীন সমাজ, সবুজ পৃথিবী, শিশুবান্ধব পরিবেশ এবং মানবিক মূল্যবোধের নানা চিত্র।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা সুকান্ত ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে কবির আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজচেতনাকে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তাদের মতে, কুসংস্কারমুক্ত, প্রগতিশীল ও মানবিক সমাজ গঠনে এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানকে ঘিরে সাব্রুমজুড়ে শিশু-কিশোর, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের আশা, সুকান্তের জন্মশতবর্ষ উপলক্ষে এ ধরনের উদ্যোগ আগামী দিনেও নতুন প্রজন্মকে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চায় আরও অনুপ্রাণিত করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*