গোপাল সিং, খোয়াই, ০৪ আগস্ট || সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা দেশজুড়ে গ্রহণ করা হয়েছে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’ এবং ‘কলস বন্ধন যাত্রা’ কর্মসূচি। গত ২৯শে জুলাই ২০২৬, গুরু পূর্ণিমার পবিত্র দিনে বর্ণাঢ্য দীপ উৎসবের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ সূচনা হয়েছে, যা আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৭ অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে সমাপ্ত হবে।
উল্লেখ্য, প্রায় ৬৫০ বছর আগে উত্তর প্রদেশের বারাণসীর গোবর্ধনপুরে সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের জন্ম হয়। একটি চর্মকার পরিবারে জন্মগ্রহণ করলেও তাঁর মহান আদর্শ, দর্শন ও চিন্তাধারা সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবকল্যাণের বার্তা পৌঁছে দিয়েছিল।
সেই আদর্শকে পাথেয় করে গত ২৯শে জুলাই ত্রিপুরা থেকে একটি প্রতিনিধি দল বারাণসীতে অবস্থিত সন্ত রবিদাসের জন্মভূমি থেকে পবিত্র মাটি সংগ্রহ করে রাজ্যে নিয়ে আসেন। আজ, আগরতলার আখাউড়া এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মন্দিরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা রাজ্যের দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের হাতে এই পবিত্র কলস তুলে দেন।
বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার হাত থেকে এই পবিত্র কলস গ্রহণ করেন। পরবর্তীতে খোয়াই বিধানসভার অন্তর্গত মহাদেবটিলা শিবমন্দিরে ভজন ও কীর্তনের মধ্য দিয়ে পূর্ণ মর্যাদার সঙ্গে পবিত্র কলসটি স্থাপন করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস বলেন, “খোয়াই জেলার প্রতিটি মণ্ডলে এই ‘কলস বন্ধন যাত্রা’ অনুষ্ঠিত হবে। বিভিন্ন মন্দির ও রাজপথ পরিক্রমার মাধ্যমে পর্যায়ক্রমে এই কলস মণ্ডল সভাপতিদের হাতে তুলে দেওয়া হবে। আমাদের মূল লক্ষ্য হলো সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস মহারাজের মানবতাবাদী আদর্শ ও সাম্যের দর্শনকে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।”
ভারতীয় জনতা পার্টির এই বৃহৎ উদ্যোগ রাজ্যে সম্প্রীতি, সাম্য, সামাজিক ঐক্য এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে রাজনৈতিক ও সচেতন মহল।
