গোপাল সিং, খোয়াই, ০৭ আগস্ট || আসন্ন ১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে খোয়াই শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে যৌথ পেট্রলিং শুরু করেছে খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ।
শুক্রবার খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে এই যৌথ পেট্রলিং পরিচালিত হয়। পেট্রলিংয়ে বিএসএফ জওয়ানদের পাশাপাশি খোয়াই থানার পুলিশ এবং খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে খোয়াই থানার নবনিযুক্ত ওসি প্রজিত মালাকার সংবাদমাধ্যমকে জানান, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পেট্রলিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “১৫ আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখেই এই পেট্রলিং শুরু হয়েছে এবং স্বাধীনতা দিবস পর্যন্ত তা অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর কড়া নজরদারি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল আরও জোরদার করা হবে।
পুলিশ ও বিএসএফের এই যৌথ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলেই মনে করছে প্রশাসন।
