গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || সংগঠন ও পঞ্চায়েত স্তরকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে আজ খোয়াই জেলার অন্তর্গত ২৬-আশারামবাড়ি মণ্ডলে অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা পার্টির (বিজেপির) ‘প্রয়াস’ কর্মসূচির প্রথম পর্ব। প্রবাস কার্যক্রমের এই বিশেষ দিনে দিনভর নানা সাংগঠনিক সভা ও পৃথক বৈঠকের মধ্য দিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীদের চাঙ্গা করা হয়।
দিনের শুরুতে আশারামবাড়ির বাচাইবাড়ী কমিউনিটি হলে এক বৃহৎ সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে দলীয় নির্দেশনা ও ভবিষ্যৎ কর্মসূচির দিকরেখা তুলে ধরেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস। সভায় সভাপতিত্ব করেন আশারামবাড়ি মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক স্মরণজিৎ দেববর্মা, জেলা কোষাধ্যক্ষ সাগর দেবসহ মণ্ডলের অন্যান্য শীর্ষ কার্যকর্তারা।
বাচাইবাড়ী কমিউনিটি হলের মূল দলীয় সভার পাশাপাশি আজ আশারামবাড়ি মণ্ডলের প্রতিটি স্তরের নেতৃত্বদের নিয়ে পৃথক পৃথক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বুথ কমিটি, শক্তিকেন্দ্রের প্রভারী ও আহ্বায়ক, বিভিন্ন মোর্চা কমিটি এবং পূর্ণাঙ্গ মণ্ডল কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে আলাদাভাবে বসে নেতৃত্বের দলীয় কাজকর্ম খতিয়ে দেখেন জেলা সভাপতি সমীর কুমার দাস। সাধারণ মানুষের কাছে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী কাজ পৌঁছে দেওয়া এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে সুদৃঢ় করার জন্য উপস্থিত কার্যকর্তাদের প্রতি বিশেষ নির্দেশ প্রদান করা হয়।
