বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ আগস্ট || আগামী ১২ই আগস্ট রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়ের দক্ষিণ ত্রিপুরা জেলা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মন্ত্রীর এই আগমন উপলক্ষে জেলায় মূলত দুটি বড় কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে— ‘জি রাম জি’ কর্মসূচি এবং জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির।এই জোড়া কর্মসূচিকে সর্বাঙ্গীন সুন্দর ও সফলভাবে রূপায়ণ করার লক্ষ্যে শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার ডি.এম. কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি. (IAS)।আজকের এই উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলা পরিষদের সভাধিপতি, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ (SDM), ব্লক সমূহের বি ডি ও (BDO) এবং জেলার বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকবৃন্দ।বৈঠকে মূলত আগামী ১২ আগস্টের অনুষ্ঠানসূচি, নিরাপত্তা ব্যবস্থা, রক্তদান শিবিরের পরিকাঠামো এবং বিভিন্ন ব্লকে ‘জি রাম জি’ কর্মসূচির রূপায়ণ নিয়ে বিস্তারিত আলোচনা ও দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি. সমস্ত দপ্তরের আধিকারিকদের পারস্পরিক সমন্বয় বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছেন, যাতে মন্ত্রীর সফর ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলি সফলভাবে সম্পন্ন করা যায়।
