নবম বাহিনী টিএসআরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, ৬৫ জওয়ানের রক্তদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ আগস্ট || সামাজিক দায়বদ্ধতার নজির স্থাপন করে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁচীরামবাড়ি এলাকায় অবস্থিত নবম বাহিনী টিএসআর (TSR) ক্যাম্পের সদর দপ্তরে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৬৫ জন টিএসআর জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন।
নবম বাহিনী টিএসআরের জওয়ানরা আইন-শৃঙ্খলা রক্ষা ও নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ ত্রিপুরা জেলায় নবম বাহিনীর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বাহিনীর নায়েব সুবেদার পিন্টু দাসও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।
রক্তের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “রক্তদান মহৎ দান”—রক্তের কোনো কৃত্রিম বিকল্প আজও আবিষ্কৃত হয়নি। তাই অসহায় ও সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানই একমাত্র কার্যকর উপায়। পাশাপাশি নিয়মিত রক্তদান করলে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার সুযোগও তৈরি হয় এবং শরীরে নতুন রক্তকণিকা উৎপাদনের প্রক্রিয়া সচল থাকে। সমাজের সকল সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসআরের আইজিপি চেরি মারাক, আইপিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবম বাহিনী টিএসআরের কমান্ড্যান্ট মানবেন্দ্র চৌধুরী, শান্তিরবাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের মেডিক্যাল অফিসার ডা. প্রগতি রিয়াং, ১১ নম্বর ব্যাটালিয়ন টিএসআরের কমান্ড্যান্ট অলক ভট্টাচার্য, ১৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শিশির কুমার দাস, ৫ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ভেনেলিয়ানা ডারলংসহ অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে উপস্থিত জওয়ানদের মধ্যে রক্তদানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*