আসন্ন পৌরসভা ও ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে ত্রিপুরা বিজেপির মেগা বৈঠক, দীর্ঘ আলোচনা শীর্ষ নেতৃত্বের

গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || রাজ্যে আসন্ন ভিলেজ কাউন্সিল ও পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে নয়াদিল্লিস্থিত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি, কৌশল নির্ধারণ এবং জোট সংক্রান্ত সার্বিক বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই মেগা বৈঠকের আয়োজন করা হয়।
নয়াদিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ স্থিত বিজেপি সদর দফতরে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়ক ড. সম্বিত পাত্র এবং ত্রিপুরা বিজেপির রাজ্য প্রভারী ড. রাজদীপ রায়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ রাজ্য কেবিনেটের মন্ত্রী ও বিধায়করা।
বৈঠকে মূলত রাজ্যজুড়ে তৃণমূল স্তরে দলীয় সংগঠনকে আরও শানিত করা, বুথ পর্যায় পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং নির্বাচনী রোডম্যাপ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হয়। একই সাথে, রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে জোটসঙ্গীদের সাথে বোঝাপড়া ও নির্বাচনী সমঝোতা নিয়েও শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘ সময় ধরে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
সামনে আসা খবর অনুযায়ী, রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করে নির্বাচনী ময়দানে ঝাঁপাতে এবং ভিলেজ কাউন্সিল ও পুরভোটে একচেটিয়া সাফল্য নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। নয়াদিল্লির এই বৈঠকের পরেই রাজ্য রাজনীতিতে নির্বাচনী তৎপরতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছে বিশেষজ্ঞ মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*