থাইবুং বাজারে বিজেপির প্রতিবাদ মিছিল ও পথসভা, সিপিআইএমের অপপ্রচারের বিরুদ্ধে সরব প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ আগস্ট || সিপিআই(এম)’র বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারের অভিযোগ তুলে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের থাইবুং বাজারে বৃহস্পতিবার এক বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির ৪০-সাব্রুম মন্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। থাইবুং বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে মিছিলটি শেষে একটি পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সিপিআইএমের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধীরা ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক মন্তব্য করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
সভায় সাব্রুম মন্ডলের অন্যান্য স্থানীয় বিজেপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের বক্তব্যেও রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং বিরোধীদের সমালোচনা করা হয়।
প্রতিবাদ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে এদিন থাইবুং বাজার এলাকায় রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হলেও এলাকায় ব্যাপক রাজনৈতিক আলোচনা ও উৎসাহের সৃষ্টি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*