সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ আগস্ট || প্রকাশ্য দিবালোকে, সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যেই গন্ডাছড়া দেবনাথ পাড়া বাজার সংলগ্ন এলাকা থেকে বিজেপি নেতা লিটন দেবনাথের বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বিকেল আনুমানিক ৪টা নাগাদ নিজ বাড়ির রাস্তার পাশ থেকে তাঁর বাজাজ পালসার ১৫০ মোটরবাইকটি চুরি হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির রাস্তার পাশে বাইকটি রাখা ছিল। শনিবার বিকেলে আচমকাই সেটি উধাও হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে বাইকটির কোনও সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। যে স্থান থেকে বাইকটি চুরি হয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যেই প্রকাশ্য দিবালোকে এভাবে বাইক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ও চাঞ্চল্য দেখা দিয়েছে।
এলাকাবাসীদের একাংশের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বাড়ছে। তাদের দাবি, চুরি-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এলাকায় আরও জোরদার পুলিশি নজরদারি প্রয়োজন।
তবে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে চুরি যাওয়া বাইক উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদী এলাকাবাসী।
