বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || ভারতের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা। রবিবার সাব্রুম মেলার মাঠে মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় খুদে পড়ুয়াদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিশুদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই বিশেষ আয়োজন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাব্রুম মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়।
মেলার মাঠের উন্মুক্ত প্রাঙ্গণে বসে খুদে শিল্পীরা রং-তুলির মাধ্যমে ভারতের জাতীয় পতাকা, দেশের মানচিত্র, স্বাধীনতা সংগ্রামী এবং দেশাত্মবোধক নানা দৃশ্য ফুটিয়ে তোলে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাস্থলে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়। অভিভাবকরাও সন্তানদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্দেশ্য ও আয়োজন প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাব্রুমের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট (ডিসিএম) রতন দাস জানান, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে স্মরণীয় করে রাখতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতাও সেই কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের মধ্যে দেশের গৌরবময় ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।
প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি উপস্থিত অভিভাবকদেরও ধন্যবাদ জানান ডিসিএম রতন দাস।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার বিজয়ীদের নাম আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের মঞ্চে ঘোষণা করা হবে। সেখানেই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
খুদে শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে সাব্রুম মেলার মাঠের এই আয়োজন ঘিরে গোটা মহকুমায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
