জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে সাব্রুমে সনাতনী সমাজের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || সনাতন ধর্ম ও ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সাব্রুমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সনাতনী হিন্দু সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাব্রুম ও পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ অংশ নেন।
বিকেল সাড়ে ৪টা নাগাদ সাব্রুম শহরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি সৌধের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা পরিক্রমা করে। পরে মিছিলটি সাব্রুমের অটোস্ট্যান্ডের সামনে এসে সমবেত হয়। সেখানে আয়োজিত হয় প্রতিবাদ সভা।
সভায় বক্তারা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, সনাতন ধর্ম ও ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে এমন মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। বক্তারা গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এদিন সনাতনী সমাজের নেতৃত্বের অন্যতম ভানুপদ চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জিতেন্দ্র চৌধুরীর মন্তব্য সনাতনী সমাজের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। তিনি অবিলম্বে মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
এদিনের কর্মসূচিকে ঘিরে সাব্রুম শহরে যথেষ্ট জমায়েত লক্ষ্য করা যায়। প্রতিবাদ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চা শুরু হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*