বলরাম দেবনাথ, সাব্রুম, ১০ আগস্ট || ভারতের স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে মানবতার সেবায় এক অনন্য নজির সৃষ্টি হলো দক্ষিণ ত্রিপুরায়। সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কর্মচারী বিনোদন ক্লাবের যৌথ উদ্যোগে একটি মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশাত্মবোধ এবং সমাজসেবার এই মেলবন্ধন জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও উচ্চতর শিক্ষামন্ত্রী কিশোর বর্মন উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতার এই পবিত্র উৎসবকে সামনে রেখে রক্তদানের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসা সত্যিই এক মহৎ এবং অনুপ্রেরণাদায়ী উদ্যোগ। আমাদের মনে রাখতে হবে, রক্তদাতার দান করা মাত্র একটি ইউনিট রক্ত সংকটের মুখে পড়া একজন মানুষের জীবন বাঁচাতে পারে।”এই শিবিরে সরকারি কর্মচারীদের পাশাপাশি সীমান্তে দেশরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ান এবং আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আরক্ষা প্রশাসনের কর্মীদের স্বতঃস্ফূর্ত রক্তদান এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় এটিই সবচেয়ে বড় রক্তদান শিবির, যেখানে একসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষ রক্তদানে এগিয়ে এসেছেন। স্বাধীনতার এই শুভ লগ্নে এমন মানবিক প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন জেলার সর্বস্তরের নাগরিক।
