১৮ দফা দাবিতে আগরতলায় সিপিআইয়ের ৩ ঘণ্টার গণ-অবস্থান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || জনগণের বিভিন্ন জরুরি দাবি-দাওয়া নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর আহ্বানে মঙ্গলবার রাজধানী আগরতলার সার্কিট হাউস চত্বরে তিন ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ১ সেপ্টেম্বর ‘পরিবর্তন জরুরি’ আহ্বানে সিপিআইয়ের দিল্লি অভিযানকে সফল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বরের দিল্লি অভিযানকে সফল করার লক্ষ্যে গত ৬ আগস্ট থেকে সারা দেশে সিপিআইয়ের আহ্বানে পদযাত্রা শুরু হয়েছে, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। এই কর্মসূচির অংশ হিসেবেই আগরতলায় এদিনের গণ-অবস্থান অনুষ্ঠিত হয়।
গণ-অবস্থান থেকে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ, শ্রমিকবিরোধী শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য C2+৫০ শতাংশ ফর্মুলা অনুযায়ী নিশ্চিত করা, বীজ বিল ও বিদ্যুৎ বিল বাতিল, নয়া বনাধিকার আইন বাতিল এবং স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানানো হয়।
এছাড়াও আইনসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আইন দ্রুত কার্যকর, সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত, নয়া শিক্ষানীতি ও NTA বাতিল এবং GRAMG প্রকল্প বাতিল করে পুনরায় REGA প্রকল্প চালু করার দাবি জানানো হয়। REGA-র আওতায় বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করার দাবিও ওঠে।
জাতীয় সড়কসহ চলাচলের অযোগ্য সমস্ত রাস্তা দ্রুত সংস্কার, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা ও পেনশন প্রদান, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নেশার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং দলিত ও আদিবাসীদের উপর নির্যাতন ও জোরপূর্বক উচ্ছেদ বন্ধের দাবিও তুলে ধরা হয়।
একইসঙ্গে এডিসির হাতে আরও ক্ষমতা প্রদান, বেকারদের কর্মসংস্থান, সরকারি শূন্যপদ পূরণ, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, গৃহহীনদের সরকারি খরচে গৃহ নির্মাণ এবং সকল অনিয়মিত সরকারি কর্মচারীকে অবিলম্বে নিয়মিত করার দাবিও জানানো হয়।
গণ-অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা কৃষক সভার রাজ্য সম্পাদক রাসবিহারী ঘোষ, AITUC নেতা ধনমনী সিনহা, সিপিআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নিলমনি দেব ও বিকাশ দে, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নরেন্দ্র রিয়াং এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশনের রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস।
বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, কৃষক-শ্রমিকদের সমস্যা এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সংকটের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।
এদিনের গণ-অবস্থান কর্মসূচিতে সারা রাজ্য থেকে সিপিআইয়ের কর্মী-সমর্থকরা অংশ নেন। কর্মসূচি থেকে আগামী ১ সেপ্টেম্বরের দিল্লি অভিযানকে সর্বাত্মকভাবে সফল করার জন্য রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*