বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানা এলাকার আনন্দ বৈদ্য পাড়ায় সপ্তম শ্রেণিতে পাঠরত এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে ওই ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের কাছে একটি বাইসাইকেল চাওয়াকে কেন্দ্র করে অভিমান থেকে ওই ছাত্রী চরম সিদ্ধান্ত নিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
নাবালিকা ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
