নয় দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রাক্তন আত্মসমর্পণকারীদের, গণ্ডাছড়ায় JARC ও JAC-এর যৌথ উদ্যোগে সচেতনতামূলক ও পরামর্শ সভা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ আগস্ট || প্রাক্তন আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও স্বার্থসংশ্লিষ্ট নয় দফা দাবি পূরণের দাবিতে সরব হলেন তাঁদের যৌথ মঞ্চের প্রতিনিধিরা। শুক্রবার গণ্ডাছড়ার পুরনো টাউন হলে প্রাক্তন আত্মসমর্পণকারীদের দুটি যৌথ মঞ্চ—‘জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি’ (JARC) এবং ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ (JAC)-এর যৌথ উদ্যোগে একদিনের সচেতনতামূলক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন আত্মসমর্পণকারী এবং তাঁদের পরিবারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিশেষ করে রাইস্যাবাড়ি ব্লক, ডুম্বুরনগর আরডি ব্লক ও গঙ্গানগর আরডি ব্লক এলাকার প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সংগঠনের কনভেনার তথা মিডিয়া মুখপাত্র জীবন জয় রিয়াং অভিযোগ করেন, প্রাক্তন আত্মসমর্পণকারীদের পুনর্বাসন এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট নয় দফা দাবি দীর্ঘদিন ধরে সরকারের কাছে উত্থাপন করা হলেও এখনও পর্যন্ত সেগুলির যথাযথ সমাধান হয়নি। তিনি অবিলম্বে দাবিগুলি পূরণে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ জানান, দাবিগুলি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসতে চান তাঁরা। তাঁদের বক্তব্য, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই তাঁদের প্রথম পছন্দ। তবে সরকার আলোচনার উদ্যোগ না নিলে অথবা দীর্ঘদিনের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়।
সভা থেকে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে আন্দোলন চলাকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারকেই বহন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন JAC-এর সভাপতি উত্তম জয় রিয়াং, JARC-এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পাশারাম ত্রিপুরা, JARC-এর সাধারণ সম্পাদক অনন্ত কুমার জমাতিয়া, JAC-এর জেনারেল সেক্রেটারি লীলাচন্দ্র জমাতিয়া, JARC-এর সহ-সভাপতি বিনোদ দেববর্মা এবং JARC-এর সহ-সাধারণ সম্পাদক নারায়ণ দেববর্মা।
এছাড়াও ডুম্বুরনগর ব্লকের স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদবদন ত্রিপুরা, কায়ারায় জমাতিয়া ও কৃপাজুরিয়াং। সভায় বক্তারা প্রাক্তন আত্মসমর্পণকারীদের সমস্যা ও তাঁদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও মতবিনিময় করেন।
নয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশাবাদ ব্যক্ত করলেও, দাবি পূরণে গড়িমসি হলে বৃহত্তর আন্দোলনের পথেই এগোনোর বার্তা দিয়েছেন JARC ও JAC-এর নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*