সাতচাঁদে মহিলাদের অধিকার, নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ৩১ আগস্ট || মহিলাদের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতচাঁদ কমিউনিটি হলে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সাতচাঁদ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদীপ দেবনাথ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, মনুবাজার থানার এএসআই নারায়ণ পাল, সাতচাঁদ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সপ্তদীপা দে, চিকিৎসক ডা. শমিক হাজরাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ, মহিলাদের আইনি অধিকার, শিশু ও মহিলাদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, কোনও ধরনের নির্যাতন বা সমস্যার সম্মুখীন হলে কোথায় এবং কীভাবে সাহায্য চাইতে হবে, সে বিষয়েও উপস্থিত মহিলাদের সচেতন করা হয়।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, সমাজের সার্বিক উন্নয়নের জন্য মহিলাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারী সম্মান ও নিরাপত্তার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
এদিনের অনুষ্ঠানে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানটি শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*