এ.ডি. নগরে নবনির্মিত আরবান পলিক্লিনিকের উদ্বোধন, ভার্চুয়ালি ৫ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ভবনের সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || সাধারণ মানুষের কাছে সহজলভ্য, সুলভ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে নবনির্মিত এ.ডি. নগর আরবান পলিক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকার আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করা হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্যাম্পের বাজার আরবান পলিক্লিনিক প্রাঙ্গণে।
নবনির্মিত এ.ডি. নগর আরবান পলিক্লিনিকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারাণী সরকার, সাংসদ রাজীব ভট্টাচার্য, জেলাশাসক বিশাল কুমার-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকারের যে অঙ্গীকার, তারই অংশ হিসেবে এ.ডি. নগরে আরবান পলিক্লিনিকের সূচনা করা হয়েছে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাধানগর, ধলেশ্বর, জগহরিমুড়া, উজান অভয়নগর এবং রামকৃষ্ণ শিবালয় আশ্রমের আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১,১১০টি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্বোধন হয়েছে। এর ফলে রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়েছে। স্থানীয় স্তরেই উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমেছে।
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন এবং পরিষেবার মানোন্নয়নের ফলে গত কয়েক বছরে বহিঃরাজ্যে রোগী রেফারের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০২৩ সালে বহিঃরাজ্যে রেফারের সংখ্যা ছিল ৫৫৫, ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪৯৫ এবং ২০২৫ সালে ৩৬৬। ২০২৬ সালে এখনও পর্যন্ত এই সংখ্যা আরও কমে হয়েছে ১৬১। অর্থাৎ গত কয়েক বছরে বহিঃরাজ্যে রোগী রেফারের ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ হ্রাস এসেছে।
সরকারের এই উদ্যোগের ফলে রাজ্যের সাধারণ মানুষ নিজেদের এলাকার কাছাকাছি উন্নত ও সুলভ স্বাস্থ্য পরিষেবা পাওয়ার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আরও বেশি আস্থা রাখছেন বলেও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*