গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে উদয়পুরের গামারিয়া স্কুলের স্ট্রংরুমের সামনে সোমবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান গোমতী জেলার পুলিশ সুপার অনির্বাণ দাস।
অভিযোগ, উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পুলিশ সুপারকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে মাথায় গুরুতর চোট পান পুলিশ সুপার অনির্বাণ দাস। ঘটনায় রাধাকিশোরপুর থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিকও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে। আহত পুলিশ সুপারকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
