আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || আগামী ৩ অক্টোবর থওগানলুপ মনিপুরী সোশিও কালচার অর্গানাইজেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি। এই উপলক্ষে শনিবার স্থানীয় শ্রী শ্রী বঙ্কবিহারী নাটমন্দিরে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছোটদের নিয়ে বসে আঁকো ও মনিপুরী নৃত্য প্রতিযোগিতা এবং মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এদিন বসে আঁকো এবং মনিপুরী নৃত্য প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিভাগগুলি ছিল যথাক্রমে ‘ক’ ও ‘খ’। বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ছোট ছোট প্রতিযোগীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ।
পাশাপাশি মনিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত মনিপুরী নৃত্য প্রতিযোগিতাতেও প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতাও অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থওগানলুপ মনিপুরী সোশিও কালচার অর্গানাইজেশনের সভাপতি কে.এইচ. রাজিব সিংহ-সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং নতুন প্রজন্মের মধ্যে মনিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ গড়ে তোলার লক্ষ্যেই নিয়মিত এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।
আগামী ৩ অক্টোবর সংস্থার ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
