আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৮ অক্টোবর || আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকলেই শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উৎসবে অংশগ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে বুধবার শান্তির বাজার থানায় বিভিন্ন দুর্গাপূজা কমিটি, ক্লাব ও সামাজিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পূজামণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ও বিভিন্ন বিধিনিষেধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে লাউডস্পিকার ব্যবহারের সময়সীমা, চাঁদা সংগ্রহের ক্ষেত্রে নিয়মকানুন এবং বাড়ি ও বাজার এলাকায় কতজন গিয়ে চাঁদা সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়গুলিও তুলে ধরা হয়।
পূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পূজা আয়োজকদের সচেতন করা হয়। পুলিশের পক্ষ থেকে আয়োজকদের প্রশাসনের নির্দেশিকা ও নির্ধারিত নিয়ম মেনে পূজা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
এদিনের সভায় শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত, সেকেন্ড ওসি এসআই সমীর বিশ্বাসসহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উঠে আসা বিভিন্ন বিষয় সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত জানান শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সকলের সহযোগিতায় যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সেটিই প্রশাসনের মূল লক্ষ্য।
