আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ অক্টোবর || আধুনিক নগর জীবনের সঙ্গে তাল মিলিয়ে এবার নতুন সাজে সেজে উঠেছে আগরতলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ওল্ড মোটর স্ট্যান্ড। এই এলাকায় গড়ে উঠেছে অত্যাধুনিক PRM Centre Point Mall, যা আগরতলার বাণিজ্যিক ও বিনোদন জগতে নতুন সংযোজন হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছে।
আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১.১১ একর জমির ওপর গড়ে উঠেছে বহুতল এই অত্যাধুনিক কমপ্লেক্স। ডবল বেসমেন্টসহ ১৪ তলা ভবনটি শহরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মনে করা হচ্ছে।
PRM Centre Point Mall-এ বিভিন্ন নামী ব্র্যান্ডের শোরুম, খাবারের ব্যবস্থা, বিনোদনমূলক পরিষেবা এবং হোটেলসহ একাধিক আধুনিক পরিষেবা গড়ে উঠেছে। ফলে এক ছাদের নিচে কেনাকাটা, খাবার, বিনোদন ও অন্যান্য পরিষেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হচ্ছে শহরবাসীর জন্য।
শহরের কেন্দ্রস্থলে এই ধরনের আধুনিক বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠায় আগরতলার ব্যবসা-বাণিজ্য ও নগর জীবনে নতুন গতি আসার সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগও তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
আধুনিক স্থাপত্য, উন্নত পরিষেবা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সমন্বয়ে PRM Centre Point Mall আগরতলাবাসীর জন্য নতুন শপিং, খাবার ও বিনোদনের অন্যতম আকর্ষণীয় ঠিকানা হয়ে উঠতে চলেছে।
