রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, STGT-তে ৭০০ নতুন শূন্যপদ, ৩৬১ শিক্ষক নিয়োগ, ৯.৯২ লক্ষ রেশন কার্ডধারীকে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ অক্টোবর || রাজ্য মন্ত্রিসভার মঙ্গলবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে উৎসবের মরশুমে রেশন কার্ডধারীদের জন্য বিশেষ খাদ্যসামগ্রী বিতরণ—বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে STGT-তে নতুন করে ৭০০টি শূন্যপদ সৃষ্টি করে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি Elementary Department-এ মোট ৩৬১টি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে UGT পদে ২৮৬টি এবং GT পদে ৭৫টি পদ রয়েছে। ফলে দুই দপ্তর মিলিয়ে মোট ১,০৬১টি শিক্ষক পদে নিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।
নতুন এই নিয়োগের সিদ্ধান্তে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সরকারি শিক্ষক পদে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি হবে। তবে নিয়োগের আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি, যোগ্যতার মাপকাঠি এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
অন্যদিকে, উৎসবের মরশুমে রাজ্যের রেশন কার্ডধারী পরিবারগুলির জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর ও নভেম্বর ২০২৬ মাসে রেশন কার্ডধারীদের বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি বিতরণ করা হবে। এই উদ্যোগের আওতায় রাজ্যের প্রায় ৯.৯২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার উপকৃত হবে।
শারদোৎসবের আনন্দ সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ফলে একদিকে শিক্ষক নিয়োগের মাধ্যমে চাকরিপ্রার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, অন্যদিকে উৎসবের সময়ে লক্ষ লক্ষ রেশন কার্ডধারী পরিবারের জন্য বিনামূল্যে খাদ্যসামগ্রী—মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তে দুই ক্ষেত্রেই সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উঠে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*