আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানায় দলটি।
প্রদেশ কংগ্রেসের এই কর্মসূচি জাতীয় স্তরে কংগ্রেসের চলমান প্রতিবাদ কর্মসূচিরই অংশ বলে জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা মিছিলে অংশ নেন।
কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনারের কথিত অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পদক্ষেপের প্রতিবাদেই এই আন্দোলন বলে দাবি করেছে প্রদেশ কংগ্রেস।
আশিস কুমার সাহা বলেন, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নগুলি উঠেছে, সেগুলির জবাব দেওয়া জরুরি। গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি বলে জানায় কংগ্রেস।
