আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর || আগরতলার আমতলীস্থিত বৈষ্ণবটিলা এলাকায় আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়িকা মিনা রানী সরকার, স্থানীয় কর্পোরেটর হরিসাধন দেবনাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবনির্মিত এই কমিউনিটি হলটি এলাকার মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। উন্নত নাগরিক পরিকাঠামো গড়ে তোলা এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও মানুষের প্রতি কর্তব্য পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের নির্বাচন থেকে শুরু করে বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন—প্রতিটি ক্ষেত্রেই জনপ্রতিনিধিদের মানুষের প্রতি দায়বদ্ধ থাকা অত্যন্ত জরুরি। জনপ্রতিনিধিদের সব সময় মনে রাখতে হবে, তাঁরা যদি মানুষের জন্য কাজ না করেন, তাহলে পরবর্তী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে কী জবাব দেবেন?
মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের কাছে যেতে হবে উন্নয়নমূলক কাজের ভিত্তিতে। দেশের মনীষীদের জীবনাদর্শ অনুসরণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখেই রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে বলে জানান তিনি।
বৈষ্ণবটিলায় নবনির্মিত এই কমিউনিটি হল স্থানীয় বাসিন্দাদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন সুযোগ সৃষ্টি করবে। এই উদ্যোগ এলাকার নাগরিক পরিকাঠামোর উন্নয়নে আরও একটি সংযোজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
