ত্রিপুরার যুবককে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, দিল্লিতে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিন, সামাজিক মাধ্যমে সরব প্রদ্যোৎ কিশোর দেববর্মণ

আপডেট প্রতিনিধি, নয়া দিল্লী, ২২ অক্টোবর || ত্রিপুরার এক যুবককে উদ্দেশ্য করে কথিত বর্ণবিদ্বেষমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দিল্লিতে গ্রেফতার হলেন কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় দিল্লির সদর বাজার থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯২, ১৯৬, ৩৫২ ও ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, ত্রিপুরার ওই যুবককে উদ্দেশ্য করে আমির শোকিন আপত্তিকর ও বর্ণবিদ্বেষমূলক শব্দ ব্যবহার করেছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হন বহু মানুষ।
এদিকে, এই গ্রেফতারির পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি ঐক্যবদ্ধ প্রতিবাদের গুরুত্ব তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, “When we speak together we are stronger. #Thansa is unity 💪🏼 Mr Shokeen is arrested because of all of us who spoke out unitedly.”
অর্থাৎ, একসঙ্গে আওয়াজ তুললে মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর ফলেই এই পদক্ষেপ সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের মানুষের প্রতি বর্ণবিদ্বেষমূলক আচরণ ও বৈষম্যের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে সামনে এসেছে। এই ঘটনাও সেই বিষয়টিকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত চলছে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখার পরই ঘটনার পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*