বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ অক্টোবর || বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই চলছে মা দুর্গার প্রতিমা নিরঞ্জনের পালা। বুধবার বিজয়া দশমীর দিন শান্তির বাজারের কয়েকটি ক্লাবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হলেও বৃহস্পতিবারও বেশ কয়েকটি ক্লাবের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এই নিরঞ্জন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে শান্তির বাজার থানার পুলিশ প্রশাসন।
শান্তির বাজার থানার সেকেন্ড ওসি এসআই সমীর বিশ্বাসের তত্ত্বাবধানে প্রতিমা নিরঞ্জনের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। নিরঞ্জন চলাকালীন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ক্লাবের সদস্যরা আনন্দ ও উৎসাহের সঙ্গে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করতে পারেন, তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
জানা গেছে, প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমীর বিশ্বাস প্রতিটি নিরঞ্জন অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। এমনকি প্রতিমা নিরঞ্জন শেষে ক্লাবের সদস্যরা নিরাপদে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত তিনি নজরদারি বজায় রাখছেন। দুর্গোৎসবের শেষ পর্বেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
পুলিশের এই দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতায় শান্তির বাজারে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। সমীর বিশ্বাসের কর্তব্যনিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়দের একাংশ।
