গোপাল সিং, খোয়াই, ২৯ অক্টোবর || রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ও চা শিল্পের প্রসারে আজ এক ঐতিহাসিক মাইলফলক উন্মোচিত হলো। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার শুভ হাত ধরে আগরতলার পিএন কমপ্লেক্সে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে চালু হলো ‘ত্রিপুরা টি অকশন সেন্টার’। এই চা নিলাম কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে ত্রিপুরার ঐতিহ্যবাহী চা শিল্প এক নতুন যুগে পদার্পণ করল।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা সহ প্রশাসনিক আধিকারিকগণ। মন্ত্রী সান্তনা চাকমা তাঁর বক্তব্যে জানান, এই লাইভ অনলাইন অকশন ব্যবস্থার ফলে বহিরাংশের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের এবং আন্তর্জাতিক স্তরের বড় বড় ব্যবসায়ীরা সরাসরি যুক্ত হতে পারবেন। এর ফলে চায়ের বাজার সম্প্রসারণের পাশাপাশি ন্যায্য ও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ সহজ হবে এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ গড়ে উঠবে।
চা উৎপাদনে ত্রিপুরা বর্তমানে ভারতের মধ্যে পঞ্চম এবং সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যের মোট ৫৪টি চা বাগান থেকে প্রতি বছর আনুমানিক ৭০ লক্ষ থেকে ১০০ লক্ষ কেজি চা উৎপাদিত হয়। এই গুরুত্বপূর্ণ শিল্পের সঙ্গে প্রায় ২,৮০০ জন ক্ষুদ্র চা চাষী সরাসরি যুক্ত রয়েছেন। রাজ্য সরকার তাঁদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে চলেছে। রাজ্য সরকারের এই দূরদর্শী পদক্ষেপের ফলে স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ত্রিপুরার উৎপাদিত চা আন্তর্জাতিক মঞ্চেও এক অনন্য পরিচিতি লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
