আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর || ফ্যাশন, মডেলিং, সৃজনশীলতা এবং ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর মঞ্চে তুলে ধরার লক্ষ্যে আগামী ৬ নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে ‘ত্রিপুরা ফ্যাশন উইক ও ত্রিপুরা স্টাইল সাগা ২০২৬’। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ৫ ও ৬ নভেম্বর দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন রাখি দেববর্মা। তিনি জানান, অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ৫ ও ৬ নভেম্বর আগরতলা প্রেস ক্লাবের বিপরীতে স্টুডেন্ট হেলথ হোমে একটি পেশাদার মডেলিং কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন আর্নিশ। কর্মশালায় অংশগ্রহণকারীদের র্যাম্প ওয়াক, শারীরিক ভাষা, মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন এবং ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
