আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ নভেম্বর || আগরতলা পাবলিক স্কুল লোকসংস্কৃতি সংসদের উদ্যোগে চার দিনব্যাপী পৌষ মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন এই মেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার আগরতলা পাবলিক স্কুল প্রাঙ্গণে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পাবলিক স্কুলের ডিরেক্টর অরুণ নাথ, প্রধান উপাদান বিডিও-সহ বলদাখাল ও চম্পামুড়া এলাকার স্থানীয় বাসিন্দারা।
বৈঠকে প্রস্তাবিত পৌষ মেলার আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা এবং মেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চার দিনব্যাপী এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি করার পাশাপাশি লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
তবে মেলার নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে মেলার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
