আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ, ০৭ নভেম্বর || ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি সীমান্তে বিএসএফ জওয়ানদের ওপর হামলার ঘটনার পর ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই সীমান্তের ওপারে সতর্কতামূলক পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী গ্রামগুলিতে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে মসজিদ ও জনসমাগমস্থল থেকে মাইকে প্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক নির্দেশ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অযথা যাতায়াত না করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা থেকে বিরত থাকা এবং চোরাচালান-সহ কোনও ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর বক্সনগরের আশাবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা হেফজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় একদল উত্তেজিত ব্যক্তি বিএসএফ কর্মীদের ওপর চড়াও হয়। হামলায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদমর্যাদার এক আধিকারিক-সহ তিনজন বিএসএফ কর্মী আহত হন। শুধু তাই নয়, বিএসএফের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি একটি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও সামনে আসে।
ঘটনার পরপরই তদন্তে নামে ত্রিপুরা পুলিশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। পুলিশি তদন্ত ও অভিযানের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় খোয়া যাওয়া রাইফেলটিও উদ্ধার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।
এই ঘটনার পর থেকেই আশাবাড়ি ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনও ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ। অন্যদিকে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বিজিবির মাইকিং কর্মসূচিকেও পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে আশাবাড়ি সীমান্তের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বেড়েছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা এবং নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোই এখন উভয় পক্ষের কাছে প্রধান গুরুত্বের বিষয়।
