বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ নভেম্বর || আসন্ন শান্তিরবাজার পৌর পরিষদ নির্বাচনকে ঘিরে বড়সড় চিত্র উঠে এল মনোনয়ন পর্বে। পৌর পরিষদের ১৫টি আসনেই একমাত্র ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৫টি আসনেই বিজেপি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান নির্বাচনের রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজারের মহকুমা শাসক দিপিকা গৌতম (IAS)। তিনি জানান, শান্তিরবাজার পৌর পরিষদের ১৫টি আসনের প্রতিটিতেই বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কোনও রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি।
তবে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। নির্বাচনী প্রক্রিয়ার নির্ধারিত নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মনোনয়ন পর্বের এই চিত্র সামনে আসতেই শান্তিরবাজারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১৫টি আসনেই বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।
