খেলাধুলা ডেস্ক ।। ২০১৫ সালের ডিসেম্বরে হচ্ছে হচ্ছে করেও প্রস্তাবিত পাক-ভারত সিরিজ আলোর মুখ দেখেনি। নতুন বছরে সেই সিরিজ আলোর মুখ দেখবে বলে আশায় ছিল ভারত-পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। তবে সেই সম্ভাবনাটুকুও নাকচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি অনুরাগ ঠাকুর। ২০১৬ সালে পাক-ভারত সিরিজ হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, ‘এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) ২০১৫ সালে সিরিজ হওয়ারকথা ছিল। তবে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে আমাদের কোনো সিরিজ নেই। তাই তাদের বিপক্ষে খেলার সময় কোথায়? ভারত এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টুয়েন্টিতে তাদের বিপক্ষে খেলবে যদিও সেটি বহুজাতিক টুর্নামেন্ট।’ গত বছরের ডিসেম্বরে প্রস্তাবিত পাক-ভারত সিরিজ অনেক নাটকীয়তার পর ভেস্তে যায়। নতুন করে নতুন করে আশা দেখতে শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের মাঝামাঝিতে সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডে নিরপেক্ষ ভেন্যুতে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার স্বপ্ন দেখে আসছিল পিসিবি। তবে বিসিসিআই সভাপতির কথায় সেই সম্ভাবনাও মিইয়ে যায়।
গত বছরের ডিসেম্বরে দুই প্রতিবেশী দেশের মধ্যকার ধ্রুপদী ও রোমাঞ্চকর লড়াই হওয়ার কথা ছিল। অনেক নাটকীয়তার পর পাকিস্তান সরকার সেই সিরিজে সম্মতি দিলেও বেঁকে বসে ভারত সরকার। মোদি সরকার ছাড়পত্র না দেয়ায় যাবতীয় নাটকীয়তা শেষে প্রস্তাবিত পাক-ভারত সিরিজ বাতিল হয়। আগামী বছরের জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের আগে জুনের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল পিসিবি। তবে বিসিসিআই সেক্রেটারি সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন।
